Dik Barta

ধর্ষণ মামলায় গ্রেপ্তার বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি

রহিম সোহাগপ্রতিবেদক
৩১ জুলাই, ২০২৬ পঠিত মিনিট পড়া
বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয় | ছবি: সংগৃহীত
বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয় | ছবি: সংগৃহীত

বরিশালে এক কলেজছাত্রীর করা ধর্ষণ মামলায় জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া এবং মামলা তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ করা হয়েছে।

বরিশালে এক কলেজছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে নগরীর কাউনিয়া প্রথম গলির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

পুলিশ জানায়, এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) ভুক্তভোগী তরুণী কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার হওয়া নয়ন সরকার জয় বরগুনা জেলার বাসিন্দা নারায়ণ সরকারের ছেলে। তিনি বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

মামলার এজাহারে ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, ২০২৪ সালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের বিষয়ে কথা উঠলে অভিযুক্ত বিষয়টি এড়িয়ে যান এবং যোগাযোগ বন্ধ করে দেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে তাকে পুত্রবধূ হিসেবে মেনে নেওয়া হবে না বলে জানানো হয়। এছাড়া গ্রেপ্তারের আগে পলাতক অবস্থায় অভিযুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেন এবং মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন বলেও অভিযোগ করা হয়েছে।

তবে এসব অভিযোগ বাদীপক্ষের মামলার এজাহারে উল্লেখিত দাবি। এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত অভিযুক্ত বা তার আইনজীবীর পক্ষ থেকে অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিক বার্তা / এমআরইউএস / ৩১ জুলাই ২০২৬

সংবাদটি শেয়ার করুন: